
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির নিজস্ব কর্মকর্তা কাজী মো. সাইদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়ে।
কাজী মো. সাইদুল হাসান তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রকৌশলী মীর মশিউর রহমানের পর দীর্ঘ সময় তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকে কেউ ব্যবস্থাপনা পরিচালক হওয়ার সুযোগ পাননি।
এদিকে, দীর্ঘদিন পর প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও নতুন আশার সঞ্চার হয়েছে। তারা নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে সরকারের এই নিয়োগের সিদ্ধান্তকে তারা প্রতিষ্ঠানের নিজস্ব জনবলের মেধা, যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবে দেখছেন। সরকার ও পেট্রোবাংলার এই সিদ্ধান্তে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, কাজী মো. সাইদুল হাসানের অভিজ্ঞ নেতৃত্বে তিতাস গ্যাসে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, প্রশাসনিক গতিশীলতা ও গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। পাশাপাশি এ নিয়োগ পেশাগত উৎকর্ষ সাধনে অন্য কর্মকর্তাদেরও অনুপ্রাণিত করবে এবং সরকারের প্রতি তাদের আস্থা আরও সুদৃঢ় করবে।
প্রসঙ্গত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এবং পেট্রোবাংলার অধীনে পরিচালিত হয় তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটি বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে।
আরটিভি/ এসকেডি


