
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রিমান্ডপ্রাপ্ত ওসি প্রদীপসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য যেকোনো মুহূর্তে র্যাব হেফাজতে নেয়া হবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
আজ সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের জলতরঙ্গ রিসোর্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
আশিক বিল্লাহ বলেন, ঘটনার মূল সাক্ষী শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইসসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানায় পুলিশের হেফাজতে জিডি মূলে রক্ষিত আছে। তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের মাধ্যম উক্ত সরঞ্জামাদি র্যাব হেফাজতে নেয়া হবে। কারণ, মামলার তদন্তের স্বার্থে উক্ত কম্পিউটার ডিভাইস গুরুত্বপূর্ণ কাজ দিবে।
তিনি বলেন, ইতোমধ্যে র্যাবের তদন্তকারী কর্মকর্তা পুলিশের চার সদস্য ও সন্দেহভাজন তিন আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দক্ষ ও পেশাদারিত্বের মাধ্যমে এই মামলা তদন্ত করছে র্যাব। যা তদন্তে শেষ হলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে র্যাবের তদন্ত কর্মকর্তা এই হত্যা মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির শামলাপুর চেকপোস্টে গেল ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ।
এসএস




