
নীলফামারীর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানকে ছুরিকাঘাত করায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিক্সনকে আটক করেছে পুলিশ।
আহত আবুজার রহমান নীলফামারীর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
গতকাল রোববার রাত ১০টার দিকে আবুজার রহমান রিকশায় করে কলেজপাড়াস্থ নিজ বাসায় ফিরছিলেন। তিনি শহরের আলমগীরের মোড় এলাকায় এলে নাহিদুল ইসলাম নিক্সন তার ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ ও এলাকাবাসী।
এই ঘটনায় তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান আরটিভি নিউজকে জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলাকারী নাহিদুল ইসলাম নিক্সনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ/জেবি




