
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে গড়ে ওঠা ৯৯১টি দোকান উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
একপর্যায়ে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশের ওপর হামলা চালায় ব্যবসায়ীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশ ও সাংবাদিকসহ তিনজন আহত হন। তবে পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে বেলা ১১টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক সিতে অভিযান পরিচালনার কথা ছিলো। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা শুরু হতে পারেনি।
সরজমিনে দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় ব্যবসায়ীরা কয়েকটি যানবাহনে ভাংচুর চালান। একইসঙ্গে তারা ‘অভিযান বন্ধ করো’ স্লোগান দেন।
এ বিষয়ে ম্যাজিস্টেট এ এইচ ইফরান উদ্দিন জানান, ‘আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অভিযান শুরু করবো। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
অভিযানের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছিলো বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
জেবি




