
রাজধানীর চাঁনখারপুলে যাত্রীবাহী বাসে ‘অজ্ঞান পার্টি’র কবলে পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৪ টায় দিকে বাস থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চাঁনখারপুল আসে। তখন ওই যুবককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাস থেকে নামিয়ে রিকশায় তুলে দেন চালকের। পরে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে চকবাজার থানাকে জানানো হয়েছে। এখনও নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল জিন্সের প্যান্ট,হাফ গেঞ্জি ও সাদা রঙের হুডি জ্যাকেট।
বাচ্চু মিয়া আরো বলেন, যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি স্ট্রোক করে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে সুনির্দিষ্ট করে বলা যাবে। তবে ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির কবলে পদে তার মৃত্যু হয়েছে।
কেএফ




