
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের হঠাৎ খুলে যাওয়া দরজার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেবায়েত উল্লাহ সালমান (৩০) ও রকি মিয়া (২৯) নামের দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার ( ২৬ এপ্রিল) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেফায়েত উল্লাহ সালমান কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি মিয়া রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখাঁ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রানু মিয়া বলেন, ইফতারের আয়োজনে যোগ দেওয়ার জন্য নিহত সেফায়েত উল্লাহ সালমান ও রকি মিয়া কাঁচপুর এলাকায় গিয়েছিলেন বাইকে স্থানীয় এক অফিসে। ইফতার শেষে বাড়ি ফেরার পথে রাতে তারাবো পৌরসভার রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত কাভার্ডভ্যানের দরজা খুলে যায়। এ সময় সামনাসামনি হওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেফায়েত উল্লাহ সালমান নামের এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রকি মিয়াকে প্রথমে ইউএস বাংলা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘাতক কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সেফায়েত উল্লাহ সালমানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এমআই




