
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের ৫ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের বন্দরের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার আফজাল মিয়ার ছেলে আতিকুল, বন্দর হাফেজীবাগের আবদুল মালেকের ছেলে সাজু, একই এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল (১৪), নবীগঞ্জ বাগবাড়ী পচারবাগ এলাকার রফিক মিয়ার ছেলে নূর আলম ও একই এলাকার গোলাম হারুনের ছেলে মো. হোসেন (১৫)।
বন্দর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, রোববার (৩০ মে) দুপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ লাঠিসোঁটা নিয়ে একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে স্থানীয় এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিসোঁটাসহ দুই গ্রুপের ৫ জন কিশোরকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
জিএম/পি




