
পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলে দেয়া হলো। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। এর আগে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ।
জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় টানা ৫ মাস ৫ দিন পর আবারও করমজল, কটকা, কচিখালী, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ বিভিন্ন অঞ্চলে পর্যটকরা যেতে শুরু করেছেন। নিষেধাজ্ঞা তুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে যেতে হচ্ছে পর্যটকদের। প্রতিটি ট্যুরিষ্ট লঞ্চে সর্বোচ্চ ৭৫ জন যাত্রী বহন করতে পারবে। একবারে এক-একজন ট্যুর গাইড ২৫ জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটরা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোন ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা আছে পর্যটকরা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে প্রবেশ করে।
জিএম




