
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় ছেলের জন্য ভোট চাইতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধা।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফুলবানু (৫৮)। তিনি ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোস্তাফিজুর রহমানের (মোরগ) মা। তিনি ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী।
জানা গেছে, শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের পর ছেলের জন্য ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান ফুলবানু। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ সংবাদটি আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
জিএম




