
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাতিজার হামলায় শাহাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইরফান উল্লাহর দুই ছেলে ওমান প্রবাসী শাহাব উদ্দিন এবং হারুন মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার (৪ অক্টোবর) সকালে দুই পরিবারের শিশুদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা। একপর্যায়ে হারুন মিয়া ও তার ছেলে আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে শাহাব উদ্দিনকে আঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন আরটিভি নিউজকে জানান, দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
জিএম/টিআই




