
টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণশ্রমিক মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস।
নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আবদুল্লার ছেলে। অন্যজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। উভয়ে সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দেওজান গ্রামের ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ওই দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্যাঙ্কি থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এমএন/টিআই




