
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের মহজুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকার মো. তোফায়েল ঢালীর দুই মেয়ে ত্বোহা আক্তার (০৮) ও খাদিজা আক্তার (০৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান মো. তোফায়েল। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ত্বোহা ও খাদিজা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এক সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
জিএম/এসকে




