
বাগেরহাটের রামপালে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার র্যাব-৬ সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে শনিবার (৩০ অক্টোবর) রাতে রামপাল উপজেলার ফয়লা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি একই উপজেলার আলিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সোহেল রানা। তিনি রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক।
ভুক্তভোগীদের অভিযোগ, সোহেল বাগেরহাট সদর হাসপাতালে মাস্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে ৪ জন, ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের নার্স, ডাক্তারসহ বিভিন্ন পদে ২০ জন, পরিবার পরিকল্পনার ৮ জন, এনএসআই’র ১ জন, পুলিশ কল্যাণ ট্রাস্টের সিকিউরিটি গার্ড ৪ জনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে সোহেল বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।
বজলুর রশীদ জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির সুবাদে সোহেল রানা এলাকার চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। ইতোমধ্যে আটককৃত সোহেলের বিরুদ্ধে রামপাল থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিএম/এসকে




