
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় রুমা আক্তার (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১ নভেম্বর) দুপুরে শহরের মুক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচাপায় বেশ কয়েকটি অটোরিকশাসহ ১৫ টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, দুপুরে একটি মালবাহী ট্রাক সেতুর ওপর থেকে দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসে। এ সময় কয়েকটি অটোরিকশার ওপর উঠে যায় ট্রাকটি। পথচারী ও অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে রুমা আক্তার নামের এক নারী নিহত হয়েছে।তিনি ঢাকার মিরপুরের হালিম মিয়ার স্ত্রী।
এ ছাড়াও আসাদুজ্জামান সুমন (৩৬), সুমন (৩৫), খোকন (৪৫), দুলাল (৫৫), মিম (২২), শামিম (২৮) অধরা (৬), ট্রাক চালকসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালে অবস্থান করা বিভিন্ন যানবাহনের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থালে এক নারী মারা যায়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এমআই/এসকে




