
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা স্থানীয়দের হাতে আটক হয়েছেন।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (১১), হাসিনা বেগম (৩৭), মো. ইয়াছিন (৩), আলমার জাহান (৩৩), মো. আজিজ (১) ও রোজিনা আক্তার (১৯)।
জানা গেছে, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে বুধবার (৩ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে সংবাদ দেন। এ সংবাদ পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ৩ নারী ও ৩ শিশু চরজব্বর থানায় রয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।
জিএম/এসকে




