
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর রাতে এ ঘটনা ঘটে।
পলাতক আসামি গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের ওসমান গনির ছেলে মনছুর আলী (৩৫)। তিনি চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’ বলে দাবি বিজিবির।
স্থানীয়রা জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে মালগাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মনছুর আলীকে তিন কেজি গাজাঁ ও একটি মোটরসাইকেলসহ আটক করে লোহাকুচি বিওপি ক্যাম্পের টহল দল। পরে তাকে হাতকড়াপরা অবস্থায় ক্যাম্পের ভেতরে রাখা হয়। পরে শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ক্যাম্পের বিজিবির সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় মনছুর আলী।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিএম/এসকে




