
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় পাঁচ দালালসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ৫ জন দালাল, ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৮ শিশু রয়েছে।
গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আটকের পর তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গা দালালরা হচ্ছেন, ভাসানচর ৬৩নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে রজুমোল্লাহ (২০), মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮), মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০), ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যাহ (১৮) ও ৫১নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যাহ (১৯)।
আটককৃত রোহিঙ্গা নাগরিকরা হচ্ছেন, আশ্রয়ণের রশিদ উল্যাহ (২৫), আনোয়ারা (২০), মোহাম্মদ আমিন (২), সৈয়দ আমিন (১), আম্বিয়া খাতুন (৫৮), আবদুল্লাহ (২৫), হাসিনা বেগম (২০), আবদুর রহমান (৩), আবদুর রহিম (২), আবদুর রশিদ (৩মাস), হাসিনা বেগম (২৭), আলী জোহর (৮), আবু আনসার (৬), সৈয়দুল আমিন (৫), নূর বাহার (৫৮), জেসমিন আক্তার (২১), নুরুজ্জামান (১২) এবং মশারিফা (২)।
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে অভিযান চালায় এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযানকালে ভাসানচর আশ্রয়ণ থেকে ৫ থেকে ৬ কিলোমিটার পূর্বের কেওড়া বনের পাশের একটি কবরস্থান থেকে পাঁচ দালাল ও ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত পাঁচ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রাশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দালালদের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আটক রোহিঙ্গাদের আশ্রয়ণে ফেরত পাঠানো হয়েছে।
এমআই/এসকে




