
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।
রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, দুপুর ১২টার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই করে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর কর্মী-সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়।
এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হয়েছেন। এছাড়া তিনজনকে আটকের খবর পাওয়া গেছে।
বৌলজান কেন্দ্রের সহকারি প্রিসাইডিং অফিসার তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ব্যালট উদ্ধারে কাজ করছে পুলিশ।
তবে ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান আরটিভি নিউজকে বলেন, বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমআই/এসকে




