
ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাঙালকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সুমন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস চালক বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামের ফজলুল হকের ছেলে সুমন হোসেন (৩৪)।
জানা গেছে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ইসলাম পরিবহন বাসটি ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর নগরকান্দা দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।
নগরকান্দা দমকল বাহিনীর স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, বাসটি সকালে ঘটনাস্থলে এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ কারণে বাসটি মহাসড়কের বাদিকে সড়কের পাশে পানি-ভর্তি খাদে পড়ে যায়। বাসের মোট ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সুমন হোসেন বলেন, আহতদের মধ্যে ওই বাসের চালক সুমন হোসেনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিএম/এসকে




