
রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করেন আপন তিন ভাই। তার মধ্যে বড় দুই ভাইকে হারিয়ে ছোট ভাই শহিদুল ইসলাম মানিক চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ওই ইউনিয়নের তিন সহদরের মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা একরামুল হক মোটরসাইকেল প্রতীকে, মেজো ভাই আলহাজ মোতালেব হোসেন ঘোড়া প্রতীকে এবং ছোট ভাই শহিদুল ইসলাম মানিক আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
স্থানীয়রা জানায়, কালুপাড়া ইউনিয়নে ১৯৯১-৯৫ সালে চেয়ারম্যান ছিলেন একরামুল হক। তার ছোট ভাই শহিদুল হক ২০০৩ সাল থেকে একই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক দ্বন্দ্বের জেরে এবারই প্রথম একই ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করছে আপন তিন ভাই। তাদের মধ্যে মেজো ভাই মোতালেব হোসেন গত নভেম্বরে দুর্ঘটনায় ডান পা হারিয়েছেন। অসুস্থ অবস্থায়ই তিনি ভ্যান-রিকশায় করে ভোটারদের কাছে গিয়ে নিজ প্রতীকে প্রচারণা চালায়। নির্বাচনী প্রচারণায় তিন ভাই একে অন্যের চরিত্র হনন করে দেন নানান বক্তব্য। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা উপজেলায়।
চতুর্থ ধাপের নির্বাচনে ইউনিয়নের আপন দুই ভাইসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মালা পড়েন আলোচিত ছোট ভাই শহিদুল ইসলাম মানিক। তিনি আরটিভি নিউজকে বলেন, নির্বাচনে আপন ভাইদের আচরণে ক্ষুব্ধ। ইউনিয়ন বাসীর ভালোবাসায় আমি চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী কালুপাড়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। জিএম/টিআই




