
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং মৃদু বাতাস বইতে থাকে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবেকদের পাঠানো প্রতিবেদন।
বরিশাল:
এ ছাড়া বরিশালের বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী আজাদ সারথী আরটিভি নিউজকে বলেন, সকাল থেকে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে ফিরে এসেছে। আমাদের এই এলাকার কোনো জেলে এখন সাগরে নেই।
পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মো. মাসুদ রানা আরটিভি নিউজকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়।
ঢাকা
এছাড়া ঢাকার বিভিন্ন স্থানেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে আলো কম থাকার কারণে মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম
চট্টগ্রামে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ' এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে এগিয়ে যেতে থাকলেও গতিপথ পরিবর্তন করে সেটি বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে দুইশো কিলোমিটার দূরে রয়েছে।
এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এর মধ্যেই ভারত ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। চট্টগ্রামেও বিকেল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন এবং কিছু কিছু জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে সাগর উত্তাল রয়েছে। বর্তমানে ঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
শনিবার (৪ ডিসেম্বর) আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী দুইদিন এই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমআই/এসকে




