
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে চাঁনপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন, এরশাদ মিয়া গ্রুপের মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২)। এরমধ্যে গুলিবিদ্ধ কালন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের প্রবাসী আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নরসিংদীতে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় মালেক গ্রুপের ৭ থেকে ৮ জন তাকে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নিয়ে আসে।
শনিবার সকালে প্রতিপক্ষ মালেকের দলের লোকজন অস্ত্র নিয়ে এলাকায় ঢোকার চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসী হাতেনাতে মালেক গ্রুপের সোহাগ মিয়া নামে একজনকে অস্ত্রসহ আটক করে আওয়ামী লীগ নেতা মো. হাবীবুর রহমানের মাধ্যমে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান আরটিভি নিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআই/এসকে




