
নরসিংদীর রায়পুরার খানাবাড়িতে অটোরিকশা নিয়ে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ী রেলস্টেশনের পূর্বপাশের একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম আমান উল্লাহ (২৯)। তিনি উত্তর মির্জানগরের আবদুর রশিদের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, রোববার সকাল ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করবে। এমন সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশের একটি অরক্ষিত রেল ক্রসিং দিয়ে রেললাইন পার হচ্ছিল।
এ সময় অটোর সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে এবং অটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে চলমান ট্রেনটি কিছুদূর যাওয়ার পর থামে এবং দুমড়ে মুচড়ে যাওয়া অটোর কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে বের করে আনা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমান উল্লাহকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি আরটিভি নিউজকে বলেন, খানাবাড়ি রেল স্টেশনের পাশে একটি অরক্ষিত রেল ক্রসিং দিয়ে অটোরিকশা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনার পর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আধাঘণ্টা থেমেছিল। মরদেহ তার বাড়িতে রাখা আছে।
এমআই/টিআই




