
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যমে একসঙ্গে ১০০ জন রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। করোনা শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীদের অক্সিজেন সরবরাসহ সাকার এবং অপারেশন থিয়েটারে নাইট্রাস ও এয়ার সরবরাহ করা যাবে এই প্লান্টেশনের মাধ্যমে। গত ছয় মাস পূর্বে এই অক্সিজেন প্লান্ট নির্মানের কাজ শুরু হয়েছিল।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন সরবরাহ। এখন থেকে করোনা রোগীরা পঞ্চগড়ে অক্সিজেন সুবিধা পাবেন। এ ছাড়াও শ্বাসকষ্টের রোগীরাও এই সেবার আওতায় আসবে।
সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
জিএম/এসকে




