
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় প্রসাধনী, চকলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে আব্দুর রহমান (২১)।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক আটকের পর তল্লাশি করা হয়। তল্লাশির সময় বালুর ভেতর থেকে ২ হাজার ৬২৪ পিস ভারতীয় তেলের বোতল, ২ হাজার ৬২৮ পিস ব্যুরো প্লাস ক্রিম, ১ হাজার ২৯৬ পিস জনসন বডি লোশন, ৪ হাজার ২১৮ পিস জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯ পিস কিটকেট চকলেট, ২৩১ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। এ সময় এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয় এবং ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ভারতীয় লেহেঙ্গা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া পণ্যগুলো ও আটককৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




