
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছোট্টু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি তার ছেলের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট্টু মিয়ার স্ত্রী মিনারা বেগমও আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘাতক ছেলে মনির হোসেনকে (৩০) আটক করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, ছোট্টু মিয়া নরসিংদীর একটি ইটভাটা এবং মনির সিলেটের আরেকটি ইটভাটায় কাজ করেন। মনির মানসিকভাবে কিছুটা অসুস্থ।
সম্প্রতি মনির ও ছোট্টু মিয়া বাড়িতে আসেন। সোমবার বিকেলে মনিরকে ইটভাটায় ফের যাওয়ার জন্য বললে ছোট্টু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ছোট্টু মিয়ার মাথায় কাঠ দিয়ে আঘাত করেন ছেলে মনির। এ সময় মা মিনারা বেগম এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে ছোট্টু মিয়া ও মিনারাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছোট্টু মিয়ার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মনিরকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ছোট্টু মিয়ার ছোট ভাই মজিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই




