
শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে কুঞ্জলতা ফেরি মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে ৪ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ৩ নম্বর ঘাট থেকে যাত্রী ও ৪৫টি যানবাহন নিয়ে পরীক্ষামূলক মাঝিরকান্দির দিকে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। নাব্য সংকটে নদীতে কয়েকবার আটকেপড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিন পর আবার ফেরি চলাচল শুরু হল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, সকাল ৭টায় পরীক্ষামূলকভাবে ৪০টি ছোট গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কুঞ্জলতা ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। নির্বিঘ্নে এটি মাঝিরকান্দিতে পৌঁছেছে। এরপর বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই নৌপথে নিয়মিত ফেরি চলাচল করবে।
এমআই/টিআই




