
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কদম্বতলী গ্রামের বাসিন্দা জমিরুল হক জানান, গতকাল বুধবার (৮ ডিসেম্বর) রাতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের বশির মিয়া ও তোয়াহিদ মিয়ার লোকজনদের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। গুরুতর আহত ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উভয় পক্ষের আহতরা হলেন রুমন খান (২৮) সীমা বেগম ৩৫) জবরাজ ৪০, রাজু (২৫) গুল নেহার (৩৫) বশির মিয়া (৬০), রেজুয়ান (২১) , তসকির (১৮), আশিক মিয়া (৬০) মুজিবুর (৩০) শহর বানু (৫০), মামুন মিয়া (২৫), সেকুল মিয়া (২৫), আকতার (৩০), রেজুয়ান (২৫), রওশন আরা (৩৮), কাজ মিয়া (৭০), ময়না মিয়া (৩৫) রনি (১৩), আলমগীর (২২), ফুলরাজ (৩০), আনোয়ার হোসেন (৪৮), ফজলু হক (৮০), আতিক মিয়া (২০), হাবিবুর রহমান (২৮), পারভেজ মিয়া (৯), নেওয়া বেগম (৩০), রুকসানা বেগম (৩০), আতিকুল ইসলাম (৪), রাতিক মিয়া (২৫), রুমেল মিয়া (২৫), মোতালিব (৪৫), হেলাল মিয়া (৩৪), মুজাহিদ (৬৮), লিটন মিয়া (২১), তোয়াহিদ মিয়া (৭০), সোহাগ (১৭), জিল্লুর (১৩), ইমদাদুল (৫২), মনরাজ (২৪), দিলরাজ (২৬)।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পরিবেশ শান্ত। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই




