
চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের ঘটনায় দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে গত বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করেন বন্দর কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন- ঊর্ধ্বতন অর্থ কর্মকর্তা সন্দীপন চৌধুরী ও প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম।
সরকারি ক্রয়সংক্রান্ত বিধি ভঙ্গ করে পাঁচটি অটো ভোল্টেজ রেগুলেটর কেনার ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দুদকের প্রধান কার্যালয় থেকে গত ২৯ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পরে দুই কর্মকর্তাকে চিঠি দিয়ে সাময়িক বরখাস্ত করেন বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জনতা এন্টারপ্রাইজের সঙ্গে যোগসাজশ করে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে ওই সব রেগুলেটর কিনতে দরপত্র আহ্বান করা হয়। এতে ক্রয়সংক্রান্ত সরকারিবিধি লঙ্ঘিত হয়েছে। এ বিধি ভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১৩ সালের ২৩ অক্টোবর বন্দর থানায় একটি মামলা করেন।
জানতে চাইলে বন্দরের সচিব ওমর ফারুক আরটিভি নিউজকে বলেন, ক্রয়সংক্রান্ত বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল। মামলাটি নিষ্পত্তি হওয়ায় মামলার আলোকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয় দুদক। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
এমআই




