ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, টানা বৃষ্টিতে সারাদেশে আমন ধান, আলু, মরিচসহ বিভিন্ন জাতের রবিশস্য ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে বেশিরভাগ ফসল নষ্ট হওয়ায় একেবারেই দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা।
কৃষি কর্মকর্তারা আরটিভি নিউজকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ও বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ভারীবর্ষণ বন্যায় রূপ নেয় উপকূলীয় জেলা ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন এলাকায়। এতে মাঠে পানি জমে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যায়।
ভোলায় ২০ হাজার হেক্টর জমির আলু চাষ বিনষ্ট হয়েছে। জেলা সদর উপজেলায় রবিশস্য ক্ষেত বিনষ্ট হয়েছে ৫ হাজার ৬শ’ হেক্টর জমিতে। এ ছাড়া চরফ্যাশন, লালমোহন, উপজেলায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হওয়ায় হতাশ কৃষকরা।
এদিকে ঝালকাঠি জেলার চারটি উপজেলার পাকা আমন ধানের খেত, আলু, মরিচসহ শীতকালীন সবজি এখন হাঁটু পানির নিচে। দ্রুত পানি না কমলে ১৩ হাজার হেক্টর ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকরা।
আর ফরিদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পেঁয়াজ, সরিষাসহ প্রায় ২০ হাজার হেক্টর ফসলি জমি। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকেরা।
জেলার কৃষি কর্মকর্তারা কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য এখনই উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমআই/এসকে




