
গোপালগঞ্জে এক মাদরাসাছাত্রকে বেত্রাঘাতের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের মাহমুদ শেখের ছেলে মঈনুল ইসলাম।
এদিকে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থী গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদরাসায় হেফজ পড়ে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে সে ছুটি না নিয়ে বাড়িতে যায় আবার সন্ধ্যার আগে ফিরে আসে। সন্ধ্যায় শিক্ষক হাফেজ মঈনুল ইসলাম না বলে বাড়িতে যাওয়ার অভিযোগ তুলে ওই শিক্ষার্থীকে বেত্রাঘাত করে আহত করেন। পরে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. শহর আলী শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শিক্ষক হাফেজ মঈনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
জিএম




