
রাজশাহীর গোদাগাড়ীতে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গত শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আবদুস সালাম (৬৫) ও আবদুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে শ্বশুরবাড়ি দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবদুস সালাম ও তার ছেলে ইব্রাহিম। পথে বেপরোয়া গতিতে আসা বিপরীতমুখী ঢাকাগামী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনায় নিহতের স্বজনরা এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
এ ছাড়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজপাড়া থানার আলীগঞ্জে একজন নিহত হয়েছেন। তার নাম মো. পারভেজ (২৪)।
শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগনি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।
এমআই/টিআই




