
বান্দরবানে পাহাড়ি আঞ্চলিক সংগঠন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস মূল) নেতা পুশথোয়াই মারমার (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের পরদিন সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান কাপ্তাই সড়কের আমতলী পাড়া এলাকায় মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুশথোয়াই মারমা জনসংহতি সমিতির বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে একদল সন্ত্রাসী ডলু পাড়ায় নিজ বাসা থেকে পুশথোয়াইকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমতলী এলাকায় ফাঁকা গুলি ছোড়ে তারা। হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখে। এ ঘটনা কারা ঘটিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিএম/এসকে




