
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখির ঝাঁক। ভিনদেশি পাখিদের আগমনে সবুজে ঘেরা ক্যাম্পাস নান্দনিক সৌন্দর্যে ভরে উঠেছে। পাখিদের কলকাকলিতে মুখরিত এ সৌন্দর্য উপভোগ করতে পাখি-প্রেমীরাও ছুটে আসছেন জাবি ক্যাম্পাসে।
প্রকৃতিতে শীতের আবেশ জানান দিচ্ছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে পরিযায়ী পাখিদের আগমনী বার্তা। শীতের প্রকোপ থেকে বাঁচতে প্রতিবছর হাজারও মাইল পথ পাড়ি দিয়ে অভয়ারণ্যের নিরাপদ জলাশয়ে এভাবেই আশ্রয় নেয় অতিথি পাখিরা। পাখিদের কলকাকলি, খুনসুটি, দলবেঁধে ছোটাছুটি দারুণ পছন্দ এই ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের। বছরের বিশেষ এ সময়টিতে এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা অপেক্ষায় থাকেন অতিথি পাখিদের।
সরালী, পচার্ড, গার্গেনি, মানিকজোড়, ফ্লাইপেচার, পাতারি, লালগুড়গুটিসহ হরেক রকমের পাখিতে মুখরিত এ পরিবেশ দেখতে অনেক দর্শনার্থীও এ সময় জাবি ক্যাম্পাসে ছুটে আসে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন জানান, এখানকার পাখি-বান্ধব পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত শব্দ না করা। পাখিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। জলাশয়ের পানি নোংরা না করাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে।
তিনি আরও জানান, সবুজে ঘেরা এই ক্যাম্পাসে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২০০ প্রজাতির পাখির আনাগোনা দেখা যায়। তবে পরিবেশ দূষণ ও গাছপালা কমে যাওয়ায় দিনদিন পাখি কমে যাচ্ছে।
জিএম




