
বিজয়ের মাসে ঝরছে বীর মুক্তিযোদ্ধার চোখের পানি। পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ খানসহ তার সাঙ্গপাঙ্গদের বিচারের দাবিতে সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চোখের পানি ঝড়তে দেখা গেছে পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মো. শাহজাহান হাওলাদারের।
সংবাদ সম্মেলনে ফরিদ খানের বিচার দাবি করেন নির্যাতিত আরও কয়েকজন।
শাহজাহান হাওলাদার লিখিত বক্তব্যে জানান, গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে তার মেঝ ছেলে কবির হাওলাদার ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান সালেহ’র ভোটকেন্দ্রে এজেন্ট ছিলেন। নির্বাচনের একদিন পরে ৩০ নভেম্বর সন্ধ্যার পরে নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ খানের বড় ভাই ফারুক খানের নেতৃত্বে ৪০ জনের সন্ত্রাসী বাহিনী আলহাজ মো. শাহজাহান হাওলাদারের বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
শাহজাহান হাওলাদার দাবি করেছেন, হামলাকারীরা দুই লক্ষাধিক টাকা ও ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে গেছে। তাদের হামলায় আরও ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা আলহাজ মো. শাহজাহান হাওলাদারের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেছেন।
শাহজাহান হাওলাদারের মেজো ছেলে কবিরের বন্ধু মাসুদ আলম কালু অভিযোগ করেছেন, ৩০ নভেম্বর সন্ধ্যার পরে নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ খানের বড় ভাই ফারুক খানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মানিকখালী বাজারে এসে কবিরকে মোবাইলে ডেকে আনার জন্য বলেন। তাদের কথামতো কবিরকে ডেকে না আনায় তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা ও মারধর করেছে।
নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়ার ফুলমিয়া দুটো ভাঙা হাত নিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিরাজের সমর্থন করায় ১৮ নভেম্বর নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ খানের বড় ভাই ফারুক খানের নেতৃত্বে তার বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৭৫ হাজার টাকা দামের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এসব হামলার ঘটনায় পৃথক মামলা হলেও আসামিরা জামিনে বের হয়ে আবারও তাদের হুমকি দিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ খান জানিয়েছেন, মুক্তিযোদ্ধার বাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। ফারুক খানের সাথে ওই মুক্তিযোদ্ধার সামান্য তর্কাতর্কি হয়েছে। মাসুদ আলম কালুকেও কোন ধরনের মারধর করা হয়নি।
তিনি আরও জানান, ফুল মিয়ার সাথে তার চাচাত ভাই এনায়েতের পারিবারিক বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের ২ পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এমএন/টিআই




