
কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার গঙ্গাধর নদে জেলেদের জালে ধরা পড়ছে বিপণ্নপ্রায় মিঠাপানির সুস্বাদু মহাশোল মাছ। প্রতিবছর কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণ মাসের পুরোটা সময় গঙ্গাধর নদীর কচাকাটা ইউনিয়নের শৌলমারী এলাকায় এই মাছটি ধরা পড়ে। স্থানীয়ভাবে এ মাছটি ঘড়েয়া মাছ নামে পরিচিত।
চড়া দামের এ মাছটি ধরার জন্য সারদিন নদে থাকে জেলেরা। কেউ নৌকায় আবার কেউ জাল পেতে অপেক্ষা করে এই মাছটি ধরার জন্য। অন্যান্য বছরের চেয়ে এবার মাছের সংখ্যা কম বলে জানায় জেলেরা।
স্থানীয় জেলেরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ১ থেকে ২ মাস এ মাছটি গঙ্গাধর নদে অবস্থান করে। গঙ্গাধরের শৌলমারী এলাকার গভীরতা কম বলে এখানেই এ মাছটি জালে ধরা পড়ে। সুতোয় বোনা একপ্রকার টানা জাল ফেলে এ মাছ ধরেন এখানকার জেলেরা।
জেলেরা জানায়, কেকড়া নামের এ জালটি নদীতে ফেলে মাছ ধরতে ৬ জনের একটি দল কাজ করে। দিনে ৩ থেকে ৪টি করে ঘড়েয়া মাছ তারা ধরতে পারেন। এসব মাছের প্রতিটি ওজন ৩ থেকে ৬ কেজি হয়ে থাকে। কেজি প্রতি দাম পেয়ে থাকেন ৭শ’ থেকে থেকে ৮শ’ টাকা। আকারভেদে ২ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত বিক্রি হয় প্রতিটি মাছ। তাই সারা দিনে ৬ জন মিলে ২ থেকে ৩টি মাছ ধরলেও ভালো লাভ হয় তাদের। তাই অন্য মাছের চাইতে এই মাছ ধরে থাকেন পুরো সময়টা। ব্যাপক সুস্বাদু এ মাছটির স্বাদ নিতে সচ্ছল ব্যক্তিরা বছরের এ সময়টির জন্য অপেক্ষা করেন। অনেকে জেলেদের আগাম চাহিদা দিয়ে থাকেন।
জেলে নির্মল শীল আরটিভি নিউজকে জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার মাছে সংখ্যা কমে গেছে। সারা দিনে দু-তিনটার বেশি ধরা পড়ছে না।
এমআই/টিআই




