
ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪০টি রামদা পাওয়া গেছে। তবে এখনও এর মালিকের সন্ধান পায়নি পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে চিলারং ইউনিয়নের ভেলাজান বাজার থেকে রামদাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সালম উদ্দিন বলেন, বাজারে গিয়েছিলাম চা খেতে। হঠাৎ কিছু মানুষের শোরগোল দেখে এগিয়ে যাই। একটি বন্ধ দোকানের পাশে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রামদাগুলো পড়ে ছিল। সে সময় একজন ৯৯৯-এ কল দিয়ে পুলিশে সংবাদ দেয়।
চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, এ অস্ত্রের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কী উদ্দেশ্যে রামদাগুলো এনেছিল তা খতিয়ে দেখা উচিত।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করি। তবে এগুলো কার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জিএম/এসকে




