
মাদারীপুরে ইউনিয়ন নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজৈর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে মাদারীপুর রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়নের গাঙকান্দি শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার জহিরুল মাতুব্বর।
রাজৈর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযোগ মামলা হিসেবে নেওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
গোলাম রাব্বানীর বাবা এম এ রশীদ আজাদ বলেন, মামলা থেকে হামলার মূলহোতা নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়েছে থানা। অথচ ঘটনার দিনেই আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ করি। আর এক দিন পর তার নাম বাদ দিয়ে মামলা গ্রহণ করে পুলিশ। পরে চেয়ারম্যানের ছেলেকে প্রধান আসামি করে মামলা নেওয়া হয়। এখন বাকি আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, নির্বাচন-পরবর্তী ব্যবস্থা সামাল দিতে ঘটনার দিন মামলায় সময় দিতে পারেননি। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে মামলা নিয়ে পুলিশের এক উপপরিদর্শককে আসামিকে গ্রেপ্তার ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। যারা প্রকৃত দোষী, তাদেরই আসামি করা হয়েছে। নির্দোষ ব্যক্তিদের যেন হয়রানি করা না হয়। সেভাবেই মামলা হয়েছে।
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাঙকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী।
জিএম/এসকে




