
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে এক গৃহবধূর চোখ উপড়ে ফেলা মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের চরমরজাল গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী চরমরজাল গ্রামের আবু কালাম মিয়ার স্ত্রী ও একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার মেয়ে রুনা বেগম (২৮)।
নিহতের স্বজনরা জানান, সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রুনা বাবার বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পান। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয় ব্যক্তিরা ওই গ্রামের একটি ধানখেতে রুনার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। এ সংবাদ পেয়ে রুনার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করেন। রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটি এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
জিএম /এসকে




