
ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার আসামি নীরব রাঢ়ী (৩৬) ও শাহীন রাঢ়ীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বংশাল থানার বাবুবাজার ব্রিজের নিচের কাঁচাবাজার-সংলগ্ন এলাকা থেকে শাহীন রাঢ়ী ও নীরব রাঢ়ীকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই তারা ঢাকায় আত্মগোপনে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার শাহীন ও নীরব উভয়ই কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। ঘটনার সঙ্গে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে তারা।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার নাসিরমাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন।
জিএম/এসকে




