
কুমিল্লা জেলার দাউদকান্দির রায়পুর কাঠের পুলের বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা দাউদকান্দির স্বাধীনতাকামী ও সনাতন ধর্মের লোকজনদের ধরে নিয়ে রায়পুর কাঠের পুলের কাছে হত্যা করে পাশের ডোবায় ফেলে রাখতো। তারপর থেকে ওই স্থানটি বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করলেও এতদিন এখানে কোনো স্মৃতিচিহ্ন ছিল না। তবে স্বাধীনতার ৫০ বছর পর ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো।
দাউদকান্দি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া দরবার শরিফের পূর্বপাশে রায়পুর গ্রামের মাঝামাঝি স্থান থেকে একটি রাস্তা উত্তর-পশ্চিম দিকে চলে গেছে। এ রাস্তা দিয়ে কিছু দূর অগ্রসর হলে একটি খালের ওপর রয়েছে রায়পুর সেতু। মুক্তিযুদ্ধকালীন কাঠের পুল ছিল এটি। পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর সহযোগী সন্দেহে নিরীহ গ্রামবাসীকে ধরে উপজেলার জিংলাতলি ইউনিয়নের রায়পুর কাঠের পুলের ওপর এনে গুলি করে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দিত। আবার অনেককে হত্যার পর পুলের দক্ষিণ পাশে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে।
দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা জানান, ১৯৭১ সালের ২৩শে মে রোববার সংঘটিত গণহত্যায় রায়পুর গ্রামের যারা শহীদ হয়েছিলেন তারা হলেন, রায়পুর গ্রামের রাম মানিক্য দেবনাথের ছেলে শহিদ ডা. পাণ্ডব দেবনাথ, বলরাম সরকারের ছেলে শহিদ শীতল চন্দ্র সরকার, কেবলা সাহার ছেলে শহিদ পাণ্ডব সাহা, পাণ্ডব সাহার স্ত্রী বিদেশিনি সাহা, রাজারাম সরকারের ছেলে শহিদ ফেলান সরকার, জয় চন্দ্র সরকারের ছেলে শহিদ শরৎ চন্দ্র সরকার, লালমোহন বণিকের ছেলে শহিদ সুধীর বণিক, নরেন্দ্র দেবনাথের স্ত্রী শহিদ কামিনী সুন্দরী দেবনাথ, রমেশ চন্দ্র সরকারের ছেলে শহিদ উমেশ সরকার, রাম দয়াল দেবনাথের ছেলে শহিদ অনাথ দেবনাথ। এছাড়া আদমপুর গ্রামের শহিদ অনুকূল সরকার এবং বরুড়া উপজেলার রামমোহন গ্রামের শহিদ নুরু মিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, স্থানীয় একজনের কাছ থেকে দুই শতক জায়গা ক্রয় করে বধ্যভূমি স্মৃতিস্তম্ভটি নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
পি




