
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারের নির্যাতন সইতে না পেরে কীটনাশক পানে আশরাফুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মহেষরহালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আবু তালেবের ছেলে। ঘটনার পর থেকে নিহত যুবকের বাবা আবু তালেব পলাতক রয়েছেন।
নিহত যুবকের মা আসমা খাতুন জানান, আশরাফুলের বাবা আবু তালেবের দ্বিতীয় বিয়ে করা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে ঘটনার দিন তার বাবা আবু তালেব আশরাফুলকে মারধর করেন। পরে রাত ১০টার দিকে সে কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তারা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান আশরাফুল।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে আশরাফুল কাজের জন্য বাড়ি থেকে বের হলে তার বাবা আবু তালেব ও তার সহোদররা মিলে তাকে মারধর করে রাস্তা থেকে ধরে নিয়ে বাড়িতে আসে। পরে আবারও তাকে মারধর করা হয়। বাবা, ভাইদের নির্যাতন সইতে না পেরে আমার ছেলে আশরাফুল কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, রাতে ওই যুবক বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানকার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পি




