
গত বেশ কয়েক মাস থেকেই মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন যে তিনি মা হচ্ছেন। অবশ্য এ খবর নতুন কিছু নয়।
নতুন খবর হচ্ছে, দীর্ঘ ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএমের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘রাতাড্ডা’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে বলবেন তিনি।
লাইভে আসা প্রসঙ্গে শখ বলেন, ‘আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সঙ্গে সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারব না। তাই এসব বিষয়ে এখন বলার প্রয়োজন বোধ করেছি বলেই আমি লাইভে কথা বলতে চেয়েছি। তানভীর ভাইয়ের সঙ্গে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি।’
সোমবার (১৫ নভেম্বর) জাগো এফএমে রাত ১০টায় দুই ঘণ্টার লাইভে অংশ নেবেন শখ। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘জনপ্রিয় তারকারা সংসার সন্তানে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ক্যারিয়ার ছেড়ে দেন। কিন্তু শখ এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্তে। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরেনা। আমরা সবসময় তাদের গ্ল্যামার সময়টা নিয়েই পড়ে থাকি। তাই এটি একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে শখ বলেছিলেন, ‘নতুনকে নিয়ে আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।’
ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’
কেইউ




