
নড়াইল শহরের রূপগঞ্জ বাজার-সংলগ্ন চিত্রা নদী আবার ভাঙতে শুরু করেছে। ভাঙনে রূপগঞ্জ এলাকায় বেশ কিছু এলাকা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া আশেপাশের এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী প্রায় ৩০টি বাড়ি ভাঙনের মুখে রয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর থেকে শহরের রূপগঞ্জ নাট্যসংস্থা ও মিতালী সংঘের পার্শ্বে প্রায় ১০০ গজ এলাকায় মেহগনি, রেইনট্রি, আমসহ ১০টি গাছ নদীগর্ভে বিলীন হয়। এর একমাস পূর্বে এ স্থানের ৫০০ মিটার দক্ষিণে নড়াইল ভিক্টোরিয়া কলেজের পার্শ্বে নির্মিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পূর্ব পার্শ্বে এবং বিভিন্ন বাড়ির বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়েছে। গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি বিনাপানি ও ভিক্টোরিয়া কলেজের দুটি ঘর ও ২০টি গাছ নদীগর্ভে চলে গেছে।
নড়াইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রূপগঞ্জ নাট্য সংস্থা এলাকার বাসিন্দা কল্যাণ মুখার্জি আরটিভি নিউজকে জানিয়েছেন, নদীর পূর্বপ্রান্তে কয়েকশ’ মিটারজুড়ে নতুন চর তৈরি হওয়ায় নদীর পানি পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ প্রান্তে পানির চাপ বেশি থাকায় বিভিন্ন সময়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। পূর্বপ্রান্তে সৃষ্টি হওয়া চর কেটে বালি ও মাটি অপসারণ করা না হয় তাহলে পশ্চিম প্রান্তের ভাঙন ঠেকানো সম্ভব হবে না।
নড়াইল পৌর মেয়র আনজুমান আরা আরটিভি নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসি এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানাই। দ্রুত এই ভাঙন রোধ করতে না পারলে প্রায় ৩০টি বাড়িসহ গোটা শহর হুমকির মুখে পড়বে।
এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার আরটিভি নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।
এমআই/টিআই




