
চট্টগ্রাম মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বন্দর থানা এলাকার সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬)। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। আর আহত ব্যক্তি একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে সাঈদ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে দুর্ঘটনার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।
জিএম/টিআই




