
কক্সবাজারে বেড়াতে এসে এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঢাকার উত্তরা ৭নং সেক্টরের বদিউজ্জামানের ছেলে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, সাগরে গোসলের পর হোটেলে ফিরলে এস এম মাহাবুবুজ্জামান অসুস্থবোধ করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।
সঙ্গে থাকা বন্ধু মো. হাসানুল বারি আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলাতলীর সৈকত সংলগ্ন হোটেল সী-ক্রাউনে উঠেন। ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে সমুদ্র থেকে গোসল করে এসে রুমে গরম পানি দিয়ে আবার গোসল করেন। এরপর থেকে শরীর খারাপ লাগছে মর্মে তাকে জানান। পরে তিনি শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এমআই/টিআই




