
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী কোচের চাপায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।
রোববার (১৯ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়– মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানচালক ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আরটিভি নিউজকে জানিয়েছেন, নিহতরা ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি ওঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুজন নিহত হন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমআই/টিআই




