
নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে সম্পত্তি ভাগাভাগি-সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চড় আড়ালিয়া এলাকার আবুল বাদশার পুত্র। সে দীর্ঘদিন প্রবাসে থেকে গত ১৫ দিন আগে দেশে ফেরেন। অন্যদিকে, সেলিমের চাচা অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইলিয়াস (৫০)।
নিহতের পরিবার ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশারের মাঝে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মাঝে কথা কাটাকাটি হয়। বিকেলনাগাদ সেই কথা কাটাকাটি ঝগড়ায় রূপ নেয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে (৩৫) ছুরিকাঘাত করেন।
এতে সেলিম গুরুতর আহত হলে তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার আরটিভি নিউজকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড। সেলিমের পিঠে বা পাশে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান ভূঞা আরটিভি নিউজকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। চাচার ছুরিকাঘাতেই ভাতিজা নিহত হয়েছে বলে শুনেছি। মরদেহ এখনও নরসিংদী এসে পৌঁছায়নি। মরদেহ আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিআই




