
রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা গ্রামে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপাতির আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে মাইনুল ইসলাম সিলন (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিলন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের সংঘর্ষে সিলন নামেরে এক যুবক মারা যান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ধরণের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জিএম




