
বগুড়ার আদমদিঘি উপজেলায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে নুর ইসলাম (২৯)।
জানা গেছে, সোমবার (২০ ডিসেম্বর) সকালে নুর ইসলাম বাইসাইকেল নিয়ে উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আড়ৎ থেকে পাতিলে মাছ নিয়ে বদলগাছী ফিরছিলেন। এ সময় সান্তাহার বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত এবং ইউডি মামলার জন্য প্রস্তুতি চলছে।
জিএম/টিআই




